রেলিগেশন হতে বাঁচার লড়াই করছে মোহামেডান। পয়েন্ট টেবিলে এখন কিছুটা ভালো অবস্থান হলেও আস্থাশীল হতে পারছে না দলটি। কখন কী ঘটে যায় সেই আশঙ্কা ঘুরপাক খাচ্ছে মোহামেডান শিবিরে। এমন পরিস্থিতিতে শক্তিশালী দলের বিপক্ষে যদি এক পয়েন্টও পাওয়া যায় তাহলে ক্ষতি কী। গতকাল বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে মোহামেডান গোল হজম করে পিছিয়ে পড়েও শেষে ড্র করে ঢাকায় ফিরেছে। ৩৩ মিনিটে ওতাবোর গোলে এগিয়ে থাকা সাইফ গোল হজম করে ৮৩ মিনিটে। রাব্বির গোলে হার বাঁচানোর পাশাপাশি ড্র করে ১ পয়েন্ট পাওয়াটা জয়ের চেয়েও বেশি কিছু মনে করছে মোহামেডান। ১৭ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকলেও যে কোনো সময় নিচের দল ছুঁয়ে ফেলতে পারে। কারণ ১৬ খেলায় নোফেলের ১৩ পয়েন্ট।
ব্রাদার্সের বড়ো জয়
বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ব্রাদার্সের খেলায় ৭ গোল হয়েছে। ব্রাদার্স ৫-২ গোলে শেখ জামালকে হারিয়েছে। গোলের দৃশ্যগুলো বেশ নাটকীয়। যারা খেলা দেখেছেন তারা হতভম্ব হয়েছেন গোল দেখে। এত সহজে গোল হয়ে যাওয়াটা তাদের কাছে ছিল অবিশ্বাস্য। স্টেডিয়াম অঙ্গনে কাল এই ম্যাচ নিয়ে নানা গুঞ্জন ডালপালা ছড়িয়েছে। শেখ জামাল এখন ১৮ খেলায় ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে। কালকের জয়ের পরও রেলিগেশনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ব্রাদার্স। ১৭ খেলায় তিন জয়ে ব্রাদার্সের ১৩ পয়েন্ট।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে।
আজকের খেলা
বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
