রেলমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য জিল্লুল হাকিম। শপথ নেওয়ার পরের দিনই রেলমন্ত্রীর নির্বাচনী এলাকা রাজবাড়ীর পাংশা রেলস্টেশন সংস্কার করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) ছুটির দিনে রাজবাড়ী রেলওয়ে প্রকৌশল দপ্তরের আইডাব্লিউ সোহাগ রানার নেতৃত্বে প্রতিনিধি দল পাংশা রেলস্টেশন পরিদর্শন করেন। এসময় স্টেশনের পুরাতন জরাজীর্ণ টিনশেডসহ নানা সমস্যা পর্যবেক্ষণ করে—তা নোট করেন। এছাড়া পিডাব্লিউ স্টাফের শ্রমিকরা দিনভর পাংশা স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালায়।
রেলমন্ত্রী জিল্লুল হাকিমের (রাজবাড়ী-২ আসন) শপথ গ্রহণের পরদিন পাংশা রেলস্টেশনে দৃশ্যমান কার্যক্রম দেখে সচেতন মহলের লোকজন ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
পিডাব্লিউ স্টাফ পরিতোষ বিশ্বাস জানান, গত শুক্রবার ১০ জন শ্রমিক রেললাইন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন।
পাংশা রেলস্টেশন মাস্টার জীবন বৈরাগী জানান, স্টেশনের নানা সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
