পর পর দুটি পুরস্কার পাচ্ছেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। একটি হচ্ছে- নজরুল ইসলাম বাবু স্মৃতি পুরস্কার, অপরটি এসবিএসপি সাহিত্য সম্মাননা। গতকাল ১২ জানুয়ারি জামালপুরস্থ মাদারগঞ্জের মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র ও সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
একুশে পদকপ্রাপ্ত প্রয়াত গীতিকার নজরুল ইসলাম বাবুর নামানুসারে প্রথম বারের মতো সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং নাটকে আসাদুল্লাহ ফারাজী এই পুরস্কার পাচ্ছেন। আগামী মাসে এই পুরস্কার আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।
এ দিকে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত সাত বছর ধরে বাংলা সাহিত্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ১২ জানুয়ারি সংগঠনের সভাপতি সৈয়দ আনোয়ার রেজা এক ভিডিও বার্তায় এসবিএসপি সাহিত্য সম্মাননা ও পুরস্কার ঘোষণা করেন।
কবিতায় বিশেষ অবদানের জন্য যৌথ ভাবে সাইফুল্লাহ মাহমুদ দুলাল এবং মজিবুল হক কবীর, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে গাজী আজিজুর রহমান, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সিরু বাঙালি, শিশুসাহিত্য জাকির হোসেন কামাল ২০২৩ সালের জন্য মনোনীত হয়েছেন। পাশাপাশি সাহিত্যের আরো দুটি শাখায় অর্থাৎ ছোটগল্পে জয়শ্রী দাস এবং শিশুসাহিত্যে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন রাইদাহ গালিবা।
আগামী ২৬ জানুয়ারি জাতীয় গ্রন্থ আর্কাইভ মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, গত নভেম্বরে সাইফুল্লাহ মাহমুদ দুলাল বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য চন্দ্রাবতী পুরস্কার পান।
