উখিয়ার কোর্টবাজার এলাকায় কাঁচাবাজার সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। রাস্তার পাশে থাকা একটি পুরনো লম্বা বটগাছ সামান্য হেলে বৈদ্যুতিক খুঁটি ও তারের সাথে গত কয়েক মাস যাবত্ লেগে আছে বলে জানা যায়। এতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ খুঁটির বিষয়টি ৮ মাসেও সমাধান না করায় এলাকার বিদ্যুত্ গ্রাহক ও পথচারীদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা অবিলম্বে গাছটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন।
জানা যায়, গাছটি ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি ও তারের সাথে ঠেস দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সরেজমিন এলাকা ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বটগাছটি সরিয়ে ফেলার জন্য পল্লীবিদ্যুত্ কর্তৃপক্ষসহ তাদের বিভিন্ন কর্মচারীদের অবহিত করা হলেও তা কার্যকর হয়নি।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সিকদার, রফিকুল ইসলাম জানান, চলমান বর্ষায় যে কোনো সময় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক খুঁটিসহ ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিড়ে পড়লে প্রাণহানিসহ মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া পল্লীবিদ্যুতের ডিজিএম গোলাম সরওয়ার মোর্শেদ বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানান। তিনি বলেন, লাইনম্যানদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।
