গত ১৫ দিন ধরে পিরোজপুর থেকে বরিশাল, ঝালকাঠী, কাউখালী, স্বরূপকাঠীসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলার মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠী, পাথরঘাটা এবং কাঠালিয়া উপজেলা সদর থেকেও বরিশাল ও ঝালকাঠীগামী বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বরিশাল-খুলনা সরাসরি বাস চলাচলও।
পিরোজপুরের কাউখালী ও স্বরূপকাঠী উপজেলা রুটে পিরোজপুর থেকে বাস চলাচল করতে ঝালকাঠীর কিছু অংশের উপর দিয়ে যেতে হয়। ঝালকাঠী বাস মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্বের কারণে ঝালকাঠী জেলার সীমানার মধ্য দিয়ে বাস চলাচলেও তারা বাধা দেওয়ায় পিরোজপুরের এ দুটি উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পিরোজপুর জেলা বাস-মিনিবািস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান সেখ জানান, সমস্যা সমাধানের জন্য পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতি একাধিকবার ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সঙ্গে বৈঠকে বসলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তবে কবে নাগাদ সমস্যার সমাধান হবে সেটাও তাদের কাছে অনিশ্চিত।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, পিরোজপুর থেকে ঝালকাঠী ও বরিশালগামী বাস চলাচল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য ইতিমধ্যে বরিশাল বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে।
