সপ্তম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা-২০২৩ এ ফেডারেশনের জাজ-বি লাইসেন্সিং টেস্টে সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে উত্তীর্ণ হয়ে কুমিতে জাজ-বি লাইসেন্স পেলেন চট্টগ্রামের তীর্থ তালুকদার। নেপালের কাঠমুন্ডুতে ২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ২৭ বছর বয়সী তীর্থ।
১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭জন সর্বমোট ১০টি লাইসেন্স পেয়ে উত্তীর্ণ হয়ে অংশগ্রহণকারী ৬টি দেশের মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ পাশের হার অর্জনের গৌরব এনে দেয়।
বাংলাদেশ তার কারাতের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক একেএফ জাজ-বি লাইসেন্স পেল এবার। তীর্থ বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কারাতে সংঘটন হোনকে সোতোকান কারাতে-দো অ্যাসোসিয়েশন এর প্রযুক্তিগত পরিচালক এবং ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির সিনিয়র প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এছাড়া প্রতিযোগিতাটিতে ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৬টি তাম্রপদক নিয়ে অংশগ্রহণকারী ৬টি দেশের মধ্যে বাংলাদেশ জাতীয় কারাতে দল তৃতীয় স্থান লাভ করে। ৩০টি স্বর্ণপদক নিয়ে নেপাল প্রথম ও ২২টি স্বর্ণপদক নিয়ে ভারত দ্বিতীয় স্থান লাভ করে।

