স্কুলছাত্রী অপহরণ মামলায় সিরাজগঞ্জে যুবকের যাবজ্জীবন

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০১

স্কুলছাত্রী অপহরণ মামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মারুফ সরকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে

সোমবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক আব্দুল্রাহ আল মামুন আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার রায়গঞ্জ উপজেলার মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী রাবেয়া খাতুন আদুরীকে প্রায়ই একই গ্রামের বখাটে মারুফ সরকার উত্ত্যক্ত করত  এবং একাধিকবার বিয়ের প্রস্তাব দেয়। তার এই প্রস্তাবে স্কুলছাত্রীর পরিবার রাজি না হওয়ায় ক্ষুব্ধ মারুফ ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি আদুরীকে অপহরণ করে।

এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা আব্দুর রহমান ফকির বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের আট মাস পর বগুড়া জেলার শোরকুড়া গ্রাম থেকে আদুরীকে পুলিশ উদ্ধার করে। তবে মারুফ পলাতক রয়েছে।