ভোলায় ট্রলারডুবি ৬ জেলে উদ্ধার

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০১

ভোলার চরফ্যাশনের অদূরে বঙ্গোপসাগরের মোহনায় সাত ঘণ্টা নদীতে ভাসার পর উদ্ধার হয়েছেন ছয় জেলে।

গতকাল মঙ্গলবার ভোরে তাদের উদ্ধার করা হয়। তবে ঝড়ের কবলে ডুবে যাওয়া ট্রলাটি বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

চরফ্যাশনের ঢালচর মত্স্যঘাটের আড়তদার মো. শাহে আলম জানান, সোমবার রাত ৯টার দিকে সাগরের মোহনায় মাছ শিকার করছিলেন হারুন মাঝির ট্রলারের ছয় জেলে। এ সময় বঙ্গোপসাগরের ভাসানচর নামক এলাকায় প্রবল ঝড়ে তাদের ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলারের জেলেরা ট্রলারের কনটেইনার ও পুলুট ধরে নদীতে ভাসতে থাকেন এবং সাহায্যের জন্য চিত্কার দিতে থাকেন। ভোর ৪টার দিকে অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। তারা সবাই এখন সুস্থ।

ঢালচর মত্স্য আড়তদার সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঢালচর থেকে ট্রলার গিয়ে তাদের জীবিত উদ্ধার করে।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার জানান, ‘ট্রলার ডুবে যাওয়ার কোনো খবর কেউ পুলিশকে জানায়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি।’