ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০৯

ভোলার মনপুরায় অমাবস্যার জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজার সংলগ্ন পশ্চিম পাশের ভাঙা বেড়িবাঁধ দিয়ে গতকাল মঙ্গলবার জোয়ারের পানি ঢুকে ২নং ওয়ার্ডের পুরো গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান জোয়ারের পানিতে ঢুবে গেছে। তিন শতাধিক পুকুর ও মাছের ঘের জোয়ারের পানিতে ভেসে গেছে। এছাড়াও হাজিরহাট ইউনিয়নের চরমরিয়ম ও দাসেরহাট গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। সোনারচর গ্রামের পশ্চিম পাশের বেড়িবাঁধ হুমকির মুখে। যে কোনো সময় বেড়িবাঁধ ভেঙে মানুষ পানিবন্ধি হয়ে পড়বে। 

এদিকে মনপুরা থেকে বিচ্ছিন্ন কলাতলীর চর ও চরনিজামের নিম্নাঞ্চল এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। 

সরেজমিনে দেখা গেছে, উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারের পশ্চিম পাশের ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি খালের ভিতর দিয়ে ঢুকে মহিলা দাখিল মাদ্রাসা প্লাবিত হয়েছে। এছাড়াও সরোয়ার উদ্দিন হাওলাদারের মত্স্য ঘেরসহ প্রায় ৫ শতাধিক পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। এছাড়াও হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট ও চরমরিয়ম এলাকা প্লাবিত হয়েছে। 

এব্যাপারে মনপুরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২-এর উপসহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, বেড়িবাঁধের কাজ চলছে। দ্রুত বেড়িবাঁধ হয়ে গেলে খালের ভিতর দিয়ে পনি ঢুকতে পারবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।