ঘন কুয়াশা থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে দুটি আন্তর্জাতিক ফ্লাইট। এর মধ্যে একটি ওমানের মাসকাট থেকে ও অন্যটি চীনের গুয়াংজু থেকে এসেছিল।
আজ বুধবার সকালে ফ্লাইট দুটি সিলেটে অবতরণ করে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে রওনা হয়।
সিলেটের বিমানবন্দর সূত্রে জানা যায়, ওমানের মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশা থাকায় সেটিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। অন্যদিকে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বিমানের আরেকটি ফ্লাইট একই কারণে ঢাকায় নামতে না পেরে সকাল সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে একই কারণে গত ২ জানুয়ারি পাঁচটি এবং ৬ জানুয়ারি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ করেছিল। পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়।
