রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চল জোনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠিকাদার কল্যাণ পরিষদ।
বুধবার বেলা ১১টায় নগরীর সপুরাস্থ পাউবো কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান। এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার কল্যাণ পরিষদের আহ্বায়ক জামাত খান, উপদেষ্টা তপন সেন, খন্দকার হাসান কবীর, ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবী রণি ও কেএম জুবায়েদ প্রমুখ বক্তব্য দেন। পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক বরাবর রাজশাহী জোনের প্রধান প্রকৌশলীর মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়। এছাড়া ডাকযোগে স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে অর্থমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাপাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের প্র্রধান প্রকৌশলীকে।
বক্তারা বলেন, আপত্কালীন পদ্মার ভাঙন থেকে রক্ষায় ছুটে আসেন ঠিকাদাররা। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও বকেয়া অর্থমন্ত্রণালয় থেকে ছাড় করা হয় না। স্থানীয় পাউবো কর্মকর্তা ও প্রকৌশলীরাও থাকেন উদাসীন। এভাবে বিগত তিন বছরে রাজশাহী পওর বিভাগে ঠিকাদারদের আপত্কালীন কাজের বকেয়া রয়েছে ১৩ কোটি টাকা। এছাড়া পাবনা ও বগুড়া পওর সার্কেলেও বিল বকেয়া রয়েছে। এ নিয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দপ্তরে বারবার যোগাযোগ করেও অর্থ পাচ্ছেন না। কিন্তু পাওনাদারের অত্যাচারে তারা অতিষ্ঠ। জিও ব্যাগ, সিমেন্ট, পাথর ও বালুর বকেয়া এমনকি শ্রমিকের মজুরি পরিশোধ করতে পারছেন না। এমতাবস্থায় অনতিবিলম্বে আপত্কালীন অর্থ ছাড় না করলে ভুক্তভোগীদের বৃহত্তর আন্দোলন কর্মসূচি ছাড়া কোনো উপায় থাকবে না।
