লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যুদ্ধাবস্থারমুখে দেশে ফিরেছেন ২৯ বাংলাদেশি। গতকাল মঙ্গলবার ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। স্বেচ্ছায় দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তা নিয়ে তারা দেশে ফিরেছেন। এছাড়া আজ বুধবার আরো ৩৭ এবং শুক্রবার ৩৫ বাংলাদেশি কর্মী দেশে ফিরবেন বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, লিবিয়া থেকে ইস্তাম্বুল হয়ে ভোরে ২৯ জন বাংলাদেশি দেশে পৌঁছান। ফিরে আসা কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশনে রাখা হয়েছে এবং তাদের ঠিকানা ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট থানাতে খবর পাঠানো হয়েছে। সম্প্রতি ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়।
