চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে (ইউএসটিসি) শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ঐ শিক্ষককে অফিস থেকে টেনে বের করে গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এদিকে ইংরেজি বিভাগে একটি পরীক্ষা নিয়ে জটিলতা নিরসনের দাবিতে গতকাল ইউএসটিসি শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরুদ্ধ করে রাখে।
জানা যায়, ইউএসটিসি অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছিত করার ঘটনায় মাহমুদুল হাসান নামে একজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মাহমুদুল হাসান ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র। খুলশী থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ইউএসটিসি ক্যাম্পাস থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয়। মাহমুদুল হাসান অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢালার কথা স্বীকার করেছে। ইউএসটিসির ভিসিকে জানিয়েই তাকে ক্যাম্পাস থেকে আটক করা হয়। পুলিশ আরো জানায়, শিক্ষকের গায়ে কেরোসিন দিয়ে লাঞ্ছিত করা হয়, আবার তা দিয়ে রাস্তায় টায়ারও জ্বালানো হয়। এই পরিকল্পনার নেপথ্যে কারা, সেটা তদন্ত করা হবে। শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বাদী হয়ে মামলা করেছেন।
এদিকে ইউএসটিসির ইংরেজি বিভাগের একটি পরীক্ষা নিয়ে জটিলতা নিরসনের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা খুলশী থানার ফয়েজ লেকের জাকির হোসেন রোডে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীরা এ সময় টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরুদ্ধ করে রাখে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে জনগণ ভোগান্তির শিকার হয়।
৩ সদস্যের তদন্ত কমিটি
অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দেওয়ার অভিযোগের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর।
