ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি

দুই আসামির আত্মসমর্পণ

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:৪৩

১৯৯৪ সালে ঈশ্বরদীতে তত্কালীন বিরোধী দলীয়  নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণের মামলায় বিএনপির আরো দুই আসামি গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন। পাবনার স্পেশাল ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক রুস্তম আলী জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণ করা ২ আসামি হলেন- ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু এবং বিএনপি নেতা আবদুল হাকিম টেনু। গত ৩০ জুন  আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এর আগে গত ৩০ জুন আদালত ৩০ আসামির জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। এই নিয়ে ৩২ জন আসামিকে কারাগারে পাঠানো হলো।  সোমবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ বুধবার মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে।