সোনারগাঁওয়ে হাসপাতালের দুই ভুয়া ডাক্তার ও মালিক আটক

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২৩:৪২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব থেকে দুই ভুয়া ডাক্তার ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে আটক করেছে র্যাব। গত সোমবার রাতে র্যাব সেখানে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করে। র্যাব-১১-এর উ-পপরিচালক মেজর নাজমুস সাকিব মঙ্গলবার এ তথ্য জানান। আটকরা হচ্ছেন দুই ভুয়া ডাক্তার সোলায়মান ও উত্পল এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুজ্জামান লিটন।

র্যাব জানায়, আটক সোলায়মান ও উত্পল দুইজনই মেডিক্যাল অ্যাসিসটেন্ট। তবে হাসপাতালের মালিক পক্ষের যোগসাজশে নিজেদের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত্ সেখানকার রোগীদের চিকিত্সা প্রদানসহ ব্যবস্থাপত্র দিয়ে আসছিল। পরীক্ষা নিরীক্ষার নামে রোগীদের সঙ্গে নানাভাবে প্রতারণাও করে আসছিল তারা। এছাড়া হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ তিন বছর আগে শেষ হয়ে গেলেও তা নবায়ন না করায় বর্তমানে এটি একটি অবৈধ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। ল্যাব স্থাপনের জন্য পরমাণু শক্তি কমিশনের কোনো ছাড়পত্রও এই প্রতিষ্ঠানটির নামে নেই।

স্থানীয়দের কাছ থেকে এসব অভিযোগ পেয়ে র্যাব সোমবার রাতে সেখানে অভিযান চালায় এবং কাগজপত্র পরীক্ষা করে অভিযোগের সত্যতা পায়। এ সময় রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া অবস্থায় দুই ভুয়া ডাক্তার ও হাসপাতালের মালিককে হাতেনাতে আটক করা হয়। ডাক্তার দাবিদার দুইজনের একজনও এমবিবিএস সনদ দেখাতে পারেনি। পরে জিজ্ঞাসাবাদে আটকরা ডাক্তারি সার্টিফিকেট না থাকার কথা এবং প্রতারণার বিষয়টি স্বীকার করে।

র্যাব-১১-এর উপ-পরিচালক মেজর নাজমুস সাকিব জানান, আটকদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় সংশ্লি­ষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।