গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে অবস্থিত অটো স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডে রাসেল নামে (৩২) এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
খবর পেয়ে শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, দুপুর আড়াইটার দিকে অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। তিনি আরো জানান, আগুনে গুদামে থাকা তুলাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। পানির সংকট ও কারখানার ভেতরের রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাত্ক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ মিল কর্তৃপক্ষ জানাতে পারেনি।
