টানা তিনদিন ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা, নাটোরের সব স্কুল বন্ধ ঘোষণা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৯:২৪

কনকনে শীতের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরের হিমেল হাওয়া। এতে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার চাদরে মোড়ানো নাটোরের প্রকৃতিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার (২৩ জানুয়ারি) নাটোরের ৬ উপজেলার প্রাথমিক মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। খোলা থাকবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার (২২ জানুয়ারি) নাটোরের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে রোববার (২১ জানুয়ারি) রাত ১০টায় জেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় বন্ধের নোটিশ জারি করেন। এ কারণে সোমবারও (২২ জানুয়ারি) বিদ্যালয়ের পাঠদান বন্ধ ছিল। তবে এদিন সকালে প্রখর শীত উপক্ষো করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় বন্ধের কথা তাদের জানানো হয়নি। সোমবার সকালে শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। তবে বিদ্যালয়ে এসে শীতের কারণে পাঠদান বন্ধ খবর পেয়ে বাড়ি ফিরে শিক্ষার্থীরা।

অভিভাবকরা জানান, বিদ্যালয় বন্ধের ঘোষণা আগে থেকে জানতে না পারায় শিক্ষার্থীরা দুর্ভোগ সয়ে ঠিকই বিদ্যালয়ে এসেছে। বন্ধের ঘোষণাটি আগে জানলে এমন দুর্ভোগ হতো না। ঘোষণামতে তীব্র শীতের কারণে বিদ্যালয় ছুটি থাকলেও এসব প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে।

নাটোর জেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তা মো. আখতার হোসেন বলেন, রাজশাহী বিভাগীয় প্রাথমিক-মাধ্যমিক কার্যালয়ের উপ-পরিচালকের স্বাক্ষরিত চিঠিতে বিদ্যালয় বন্ধের কথা তাদের জানানো হয়। পরে জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়ে তা উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ বলেন, নাটোর জেলায় আবহাওয়া অফিস না থাকায় সঠিক সময় আবহাওয়ার তারতম্য বোঝা কঠিন হয়ে পড়ে। এ কারণে আশপাশের ঈশ্বরদী, রাজশাহী ও নওগাঁ আবহাওয়া অফিসের দেওয়া ৫০ কিলোমিটার এলাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রোববার, সোমবার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫০ ডিগ্রি ছিল। আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই সোমবার ও মঙ্গলবার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/এবি