এক দিনের বিরতির পর আসরের পঞ্চম ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে ঢাকা। ইনিংসের শুরু থেকেই তাদের বোলিং আক্রমণে চেপে ধরে বন্দর নগরের বোলাররা। এক পর্যায়ে পেসার আল-আমিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সুইপ শট করতে যায় ঢাকার লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। এময় টাইমিং গড়বড় হওয়ায় বল ব্যাটের সঙ্গে সংযোগ না হয়ে সোজা গিয়ে লাগে তার থুতনিতে। আর এরপরই গড়গড়িয়ে রক্ত ঝড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ফিজিও দেয় প্রাথমিক চিকিত্সা। তাতেও কাজ না হলে পরে মাঠ ছেড়ে উঠে যায় এই ব্যাটার।
জানা গেছে, মাঠ থেকে পরে এই চোট পাওয়া ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই মূলত হয় তার চিকিত্সা। পরে আবার ফিরে আসে মাঠে। তবে ততক্ষণে তার দল ৬ উইকেটে ব্যবধানে হেরে গেছে। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে গুনাথিলাকার চোট নিয়ে গণমাধ্যমকে আপডেট দেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। বলেন, ‘ওর (গুনাথিলাকা) আপডেট এখন ভালো, এখন আবার ফিরে এসেছে মাঠে, সেলাই লেগেছে ২০-২২ টার মতো।’ এসময় পরের ম্যাচে দেখা যাবে কি না, জানতে চাইলে ঢাকার অধিনায়ক বলেন, ‘এখন তো দেখলাম ভালো কথা বলছে স্বাভাবিক ভাবেই। আশা করা যায়, পরের ম্যাচ থেকেই এভেইলেবেল থাকবে।’
আসরে এখন পর্যন্ত ঢাকা দুই ম্যাচ খেলেছে। যার মধ্যে প্রথমটিতে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিতেছে। তবে গতকাল দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে নতুন ফ্রাঞ্চাইজিটির। এই পর্বের ঢাকার পরবর্তী ম্যাচ সিলেটে, আগামী ২৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে। আর ঐ ম্যাচের আগে গুনাথিলাকা চোট কাটিয়ে মাঠে ফিরতে সময় পাবেন চার দিন।
