রুশ ডুবোজাহাজে অগ্নিকান্ডে ১৪ ক্রু নিহত

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০০:৩৫

রাশিয়ার একটি ডুবোজাহাজে অগ্নিকান্ডে ১৪ ক্রু নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয় গতকাল এই তথ্য জানিয়েছে। তবে কোন ধরনের যান সেই সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানায়নি। এমনকি কতজন ক্রু জাহাজটিতে ছিলেন তাও জানায়নি মন্ত্রণালয়। তবে রুশ মিডিয়া জানিয়েছে, এটা পরমাণু অস্ত্রবাহী একটি ছোট ডুবোজাহাজ। এটা সাবমেরিন নয়, সাবমারসিবল যা ছোট এবং গবেষণার কাজে ব্যবহার করা হয়। খবর বিবিসির

সোমবার সমুদ্র তলদেশে বায়োমেট্রিক পরিমাপ করার সময় আগুন লাগে এবং বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১৪ ক্রু নিহত হন। ডুবোজাহাজটিকে মারমেনস্ক অঞ্চলের নর্দান ফ্লিট সুভোরমরস্ক নৌঘাঁটিতে রাখা হয়েছে। নৌবাহিনী প্রধানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এর আগে ২০০০ সালে কুর্সক সাবমেরিনে অগ্নিকান্ডে ১১৮ জন এবং ২০০৮ সালে একটিতে অগ্নিকান্ডে ২০ জন নিহত হয়েছিলেন। কেবল যে রুশ সাবমেরিনেই আগুন লাগে তা নয়, বিশ্বের অনেক দেশের সাবমেরিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।