নানা অভিযোগে জাবি ছাত্রলীগ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:০০

জমি দখলসহ নানা অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

এ সময় লিখিত বক্তব্যে মো. হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেগুলো হলো—কর্মীদের নিয়ে চিন্তা না করে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকায় ‘জমি দখল’, ব্যক্তিগত স্বার্থ নিয়ে ব্যস্ত থাকা, সংগঠনের কর্মীদের খোঁজ না রাখা, কমিটির দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সমন্বয় না করা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও রাজনীতি বিকেন্দ্রীকরণ না করে নিজ হলকেন্দ্রিক চিন্তাচেতনা পোষণ করা, প্রত্যেকটি হলের কর্মীসভা করেও দীর্ঘদিন যাবত হল কমিটি না দেওয়া এবং হল কমিটির বিষয়ে কথা বলতে চাইলে নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করা।

সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন মাহবুব ও আরাফাত ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, সহসভাপতি জাহিদুজ্জামান শাকিল ও ফয়সাল খান রকি এবং অর্থ-সম্পাদক তৌহিদুল আলম তাকিদ প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলের দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন। তবে অভিযোগ অস্বীকার করেন মো. হাবিবুর রহমান লিটন। 

ইত্তেফাক/এমএএম