প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পাননি আমীর খসরু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানার মামলায় জামিন পাননি দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার এ মামলায় তার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। 

তবে একই দিন রাজধানীর পল্টন থানার নাশকতার আরেক মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে ১০ মামলার ৯টিতে জামিন পেলেন তিনি। এদিন রমনা থানার আরেক মামলায় জামিনের বিষয়ে আদেশ পরে দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুলিশ সদস্য হত্যা মামলায় তাকে ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তার আইনজীবীরা জানিয়েছেন, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি