শ্রীপুরের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:০৪

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ রামপ্রসাদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করেছে।

মঙ্গলবার (২ জুলাই ) দুপুর আড়াইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর (নয়নপুর) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 

আরও পড়ুন: দুপুরে বাবার পাতে ভাত বেড়েছিল হিরা, বিকেলে লাশ

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ জানান, অটোস্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং ভালুকা ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এছাড়া আশেপাশের আরও কয়েকটি ফায়ার স্টেশন থেকেও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। পানি সংকট ও কারখানার ভেতরের রাস্তা সরু হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে।

ইত্তেফাক/অনি