আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মদ্যপ অবস্থায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষে লিপ্ত ৬ জনকে আটক করে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বসুরহাট পৌরসভার কলেজ গেইট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটককৃতরা হলো বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল খায়েরের ছেলে আব্দুর রহিম (২৪), একই এলাকার খোরশেদ আলমের ছেলে সাঈদ আনোয়ার শান্ত (২৫), মৃত আবদুর রাজ্জাকের ছেলে জাহিদ হাসান হৃদয় (২৪), ৮ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে আকবর হোসেন (২৬), রংমালা এলাকার অজিত মজুমদারের ছেলে সৈকত মজুমদার (২৩) ও মো. মোস্তফার ছেলে আবু সাঈদ তারেক (২২)।
জানা যায়, দীর্ঘদিন যাবত বসুরহাট পৌরসভায় কিশোর গ্যাং লিডার হৈদ বাড়ির মোহন ও শুটকি ব্যাপারী বাড়ির আবদুর রহিমের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপ একাধিক সময়ে সংঘর্ষে লিপ্ত হয়। মঙ্গলবার রাতেও দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধলে দোকানপাটে হামলা ও ভাঙ্গচুর চালায় তারা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে লিপ্ত ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী জানান, মোহন ও রহিমের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
