বাংলাদেশ বিমান বাহিনীর সকল ঘাঁটি/ইউনিটে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) একযোগে ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে একযোগে “০৫ টাকায় বাফওয়া মাসিক বাজার” এর উদ্বোধন করা হয়। প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এবং আদার্স উইমেন এন্ড চিলড্রেন’স ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নান।
বাফওয়া কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে প্রথমবারের মতো বিমান বাহিনীর সকল ঘাঁটি/ইউনিট-এ কর্মরত অস্থায়ী/চুক্তিভিত্তিক ৪র্থ শ্রেণীর কর্মচারী যারা সরকারীভাবে অথবা অন্য কোন উৎস হতে রেশন প্রাপ্ত নন তাদের মাঝে নামমাত্র মূল্যে মাসিক ভিত্তিতে প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে ০৫ (পাঁচ) টাকার বিনিময়ে মাসিক বাজার প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটি/ইউনিটে ভিটিসি এর মাধ্যমে একযোগে ‘০৫ টাকায় বাফওয়া মাসিক বাজার’ চালু করা হয়।
এরপর, বাফওয়া এবং আদার্স উইমেন এন্ড চিলড্রেন’স ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নান উপস্থিত অস্থায়ী ৪র্থ শ্রেণী কর্মচারীদের মাঝে গ্রোসারী আইটেম বিতরণ করেন।
প্রাথমিকভাবে, এ প্রকল্পের আওতায় মাসিক ভিত্তিতে প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে ০৫ (পাঁচ) টাকার বিনিময়ে ১০ কেজি চাল, ০২ কেজি আটা, ০১ লিটার ভোজ্যতেল ও ০১ কেজি চিনি প্রদান করা হয়।
