যারা শৃঙ্খলা ভাঙবেন তাদের শাস্তি পেতেই হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৮:৩৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, সবাইকে শুদ্ধাচার চর্চা করতে হবে। যারা শুদ্ধাচার চর্চা করছেন না, তাদের জন্য আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, প্রধানমন্ত্রী দৃঢ়তা দেখিয়েছেন আমরা কোনোভাবে দুর্নীতিকে বরদাশত করব না। দুর্ব্যবহার দুর্নীতির শামিল, দুর্ব্যবহারকেও আমরা বরদাশত করব না, এই সরকার বরদাশত করবে না।

বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা খুব শক্ত করেই বলতে চাই, প্রশাসনে একটি শৃঙ্খলা আছে, যারা প্রশাসনের এই শৃঙ্খলা ভাঙবেন তাদের কিন্তু শাস্তি পেতে হবে।

ফরহার হোসেন বলেন, ইতোমধ্যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করেছি। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া।

আরো পড়ুন: কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুল গান্ধীর পদত্যাগ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনপ্রশাসনকে যেভাবে নির্দেশনা ও শুদ্ধাচারের মধ্য দিয়ে এই জায়গায় আনতে সক্ষম হয়েছে, এতে সরকারের সদিচ্ছাটাই এখানে ফুটে উঠেছে। কাজের প্রতি আমাদের একধরনের স্পৃহা তৈরি হয়েছে।

ইত্তেফাক/এমআই