নাট্য পরিচালক শিমুল সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২২:০৯

দেশের স্বনামধন্য ও জনপ্রিয় নাট্য পরিচালক শিমুল সরকারের ওপর হামলা, ইমো-বিকাশ হ্যাকার ও  মাদক ব্যবসায়ীদের নির্মূল করার দাবি জানিয়ে বাঘায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট বাজার সংলগ্ন স্কুল মাঠে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ ও সুশীল সমাজের নেতারা।

বিকাল সাড়ে ৪ টায় প্রতিবাদী গানের মাধ্যমে এই মানব বন্ধন কর্মসূচি শুরু করা হয়। ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, শিমুল সরকারের উপর হামলা যে দুজনের নেতৃত্বে হয়েছে সেই শাহীন এবং হাফিজ এলাকার ইমো-বিকাশ হ্যাকার এবং মাদক ব্যবসা সিন্ডিকেটের সঙ্গে সরাররি সম্পৃক্ত। বর্তমানে এলাকার প্রতিটি মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। শাহীন নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকেন বলে অভিযোগ করেন বক্তারা। এই শাহিন সম্প্রতি তার অপর এক সহযোগী মাসুমকে সঙ্গে নিয়ে মানিকগঞ্জ এলাকার জনৈক এক ব্যক্তির পৌনে চার লাখ টাকা আত্মসাত মামলায় আটক হয়। অপর আসামি আরিফুল ইমো হ্যাকিং এর আরেক মামলায় গ্রেপ্তারের পর এখন জামিনে রয়েছে। 

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/পিও