ইউক্রেনের সামরিক সহায়তা ইস্যুতে আলোচনা করতে আগামীকাল বৃহস্পতিবার ব্রাসেলসে একটি শীর্ষ সম্মেলন করতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। অনুষ্ঠিতব্য ঐ সম্মেলনে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখার আহ্বান জানাবেন তারা। বৈঠকের একটি খসড়া উপসংহারে এমন তথ্য ওঠে এসেছে। এদিকে ইউক্রেনের ২১ ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।
খসড়াটিতে বলা হয়েছে, ইইউ নেতারা ইউক্রেনকে ‘সময়োপযোগী, পূর্বাভাসযোগ্য এবং টেকসই সামরিক সহায়তা’ প্রদান অব্যাহত রাখতে তাদের যে সংকল্প তা পুনর্ব্যক্ত করবেন। গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে খসড়াটিতে জরুরি প্রয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় কাউন্সিল। শীর্ষ সম্মেলনের ঐ খসড়াটিতে থেকে আরো জানা গেছে, নেতারা ইউক্রেনকে সহায়তার জন্য ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি নামক একটি তহবিলে আরো ৫০০ কোটি ইউরো সংগ্রহ করার প্রতিশ্রুতি দেবেন কি-না সে বিষয়টি আলোচনা জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে তহবিলের ভূমিকার ভবিষ্যত্ কী তা নিয়ে কয়েক মাস ধরেই বিতর্ক চলছে ইইউ সদস্যদের মধ্যে। জার্মানি পরামর্শ দিয়েছে, ইইউ দেশগুলোর এখন থেকেই আলাদা করে দ্বিপাক্ষিক সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবা উচিত।
চার বছরে ইউক্রেনের জন্য ৫ হাজার কোটি ইউরো মূল্যের একটি আর্থিক সহায়তা প্যাকেজের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর একটি প্রচেষ্টা হিসেবে বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে ইউক্রেনের ২১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষাবাহিনী। ক্রিমিয়া ও রাশিয়ার বেশ কিছু অঞ্চলে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআরএ জানিয়েছে, ক্রিমিয়ায় আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইউক্রেনের ১১টি ড্রোন ভূপাতিত করেছে। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয় রাশিয়া। বিগত কয়েক মাস ধরে ক্রিমিয়ায় রাশিয়ান সামরিক অবকাঠামোর ওপর ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন।
ক্রিমিয়ার সেভাস্তোপলে মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপল ও একটি গুরুত্বপূর্ণ বন্দরে ইউক্রেনের হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, রাশিয়ার বেলগোরোড, ব্রায়ানস্ক, কালুগা ও তুলা অঞ্চলেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, এই অঞ্চলে একটি অনাবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছিল, তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি।
