অগ্নি দুর্ঘটনা রোধে তৎপর হচ্ছে রাজউক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৪:২৪

রাজধানীর শান্তিনগর এলাকায় ইস্টার্ন হাউস প্লাস ও কনকর্ড শপিং সেন্টারে অগ্নি নির্বাহের ব্যবস্থা ঠিক আছে কিনা তা পরিদর্শন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের টিমসহ আন্ত সংস্থার বিশেষ টিম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) রাজউকের মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি এই পরিদর্শন দলের নেতৃত্ব দেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাজউক এর অধীন জোন-৬/১ এর শান্তিনগরে এলাকায় মার্কেট পরিদর্শনের সময় রাজউক, ফায়ার সার্ভিস, বিএসটিআই, ডিপিডিসি, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ওয়াসার বিশেষ সংস্থার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় শান্তিনগর এলাকায় কয়েকটি বহুতল শপিং মল পরিদর্শন করে। এছাড়াও রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক মোহাম্মদ শামসুল হক এবং পরিচালক জোন-৬ প্রকৌশলী সালেহ আহমদ জাকারিয়াসহ আন্তঃ সংস্থার বিশেষ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

এ সময় পরিদর্শন দল রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত আছে কিনা তা খতিয়ে দেখেন। এছাড়াও কোনো ভবনে আগুন লাগলে তা নিভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা ফায়ার সার্ভিসের লোকজন দেখেন এবং কোন বিষয়গুলি আগুন নেভানোর জন্য প্রতিবন্ধকতা আছে সে সব বিষয়গুলি ভবন মালিকদেরকে জানিয়ে দেন।

রাজউকসহ আন্তঃসংস্থার বিশেষ টিম পল্টন থানায় শান্তিনগর এলাকায় পরিদর্শন করেন। তখন বিশেষ টিম ভবন মালিক ফায়ার সেফটি ঠিক রাখতে সেই বিষয়ে প্রাথমিক ভাবে সতর্ক করেন।

এ সময় মার্কেট মালিকরা জানান, রাজউকসহ আন্তঃ সংস্থাটি যে নির্দেশনা প্রদান করেছে, সেই অনুযায়ী আগামীতে ফায়ার সেফটি ঠিক রাখা হবে।

পরিদর্শন শেষে রাজউক উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, 'প্রতি মাসে আমরা এক দুই বার আন্তঃসংস্থার বিশেষ টিমসহ এই ধরনের কর্মসূচি করে থাকি। মার্কেট বা শপিং মলে আগুন লাগলে প্রতিকারের ব্যবস্থা আছে কিনা তা দেখা এবং সেই সাথে কোন বিষয়ে ঘাটতি থাকলে সেই বিষয়ে পরামর্শ প্রদান করি। এছাড়াও নির্ধারিত বিল্ডিং কোড অনুযায়ী যেসব ভবন তৈরি হয়নি, সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কাজ করছি। এ বিষয়ে আমরা সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস সঙ্গে কাজ করছি। রাজউকের,সিটি করপোরেশন ও ফাসার সার্ভিস সঙ্গে যৌথভাবে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাস্তবায়নের করার চেষ্টা করছি'।

এই বিশেষ পরিদর্শনে টিমে রাজউকের পক্ষে থেকে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল মাওয়া, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মোঃ ফিরোজ আলম, সুমন আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, মো: ইমরান শেখ, মোঃজিয়াউদ্দিন, মোঃ কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা এবং আন্তঃ সংস্থার প্রতিনিধিরা।

ইত্তেফাক