সিলেটে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষকদের নিয়ে দুদিনব্যাপী কর্মশালা শুরু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২১:০৫

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিলেটের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ৩৫ জন শিক্ষককে নিয়ে শিক্ষাদান পদ্ধতি এবং মূল্যায়নের উপর দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের একাডেমিক কর্নারে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের ভয় দেখিয়ে, তাদের উপর চাপ প্রয়োগ করে পড়ালে এই শিক্ষার কোন ফল আসবে না। বরং, তাদেরকে আনন্দের সাথে পড়ালে তারা সেটি মনে রাখবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে, তার মধ্যে ভয় কাজ করবে না। তাই, কোনভাবেই শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করা যাবে না।

তিনি বলেন, গতানুগতিক মেডিকেল শিক্ষা পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশ্বের অত্যাধুনিক শিক্ষাদান পদ্ধতি চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবেই আমরা দক্ষ ও মানসম্মত চিকিৎসক তৈরি করতে পারব। তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষকরা শিক্ষাদান পদ্ধতি এবং মূল্যায়নের ক্ষেত্রে নিজেদের আরো সমৃদ্ধ করতে পারবেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু, সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুজিবুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কাজী জানে আলম।

ইত্তেফাক/পিও