গণধর্ষণ ও হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৪৮

সিলেটে ১২ বছরের এক শিশুকন্যাকে গণধর্ষণ করে হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম চৌধুরী এই রায় ঘোষণা করেন। 

একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বটেশ্বর এলাকার আনোয়ার হোসেন, মো. খোকন মিয়া, ফয়সল আহমদ ও মো. আনাই মিয়া। এরমধ্যে প্রধান আসামি আনোয়ার হোসেন পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৪ জানুয়ারি বটেশ্বর এলাকার ঐ শিশু তার দুই ছোট ভাইকে নিয়ে গরু চরাতে ক্যান্টনমেন্টের পাশের একটি মাঠে যায়। সন্ধ্যায় ছোট দুই ভাই গরু নিয়ে বাড়ি ফিরলেও তাদের বোন ফিরেনি। পরদিন সকালে স্থানীয়রা দেখতে পায় মাঠের পাশের নির্জন টিলার ওপর গর্তে বিবস্ত্র অবস্থায় ১২ বছরের শিশুর রক্তাক্ত লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়।

ইত্তেফাক/এমএএম