ছকের বাইরে চ্যালেঞ্জিং চরিত্রে

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৮:৪৬

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

 

একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হঠাত্ নিখোঁজ হলে প্রশাসনের উচ্চ পর্যায়ে দারুণ তোলপাড় সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই ব্যক্তিকে নিরাপদে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী নানাভাবে তত্পরতা হয়ে ওঠে। নিখোঁজ বিচারপতির সন্ধানে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার লক্ষ্মী রথি অভিযান শুরু করে। রহস্যজনক এই ঘটনার তদন্তে নেমে অবিশ্বাস্য পরিস্থিতির মুখোমুখি হয় সে। এমন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা ‘ওয়ান ডে :জাস্টিস ডেলিভারড’। এ সিনেমায় একজন নারী পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন এশা গুপ্তা। এতদিন দর্শক তাঁকে বিভিন্ন সিনেমায় গ্ল্যামারাস রোলে দেখেছেন। ২০১২ সালে ‘জান্নাত টু’ দিয়ে এশা বলিউডে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করেন। এরপর তাঁকে ‘রাজ থ্রিডি’, ‘চক্রব্যুহ’, ‘গোরি তেরে পেয়ার মে’, ‘হামসকলস’, ‘বেবি’, ‘ম্যায় রাহো না রাহো’, ‘রুস্তম’, ‘তুতাক তুতাক তুতিয়া’, ‘কমান্ডো টু’, ‘বাদশাহো’, ‘পল্টন’, ‘টোটাল ধামাল’ সিনেমাগুলোয় দেখা গেছে। এর প্রায় সবগুলোয় তাঁকে দর্শক মনোরঞ্জনের উপাদান হিসেবে হাজির করা হয়েছে। ২০০৭ সালে ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ খেতাব জয়ী এশা মডেল হিসেবে প্রথম খ্যাতি অর্জন করেন। তারপর ফিল্মে এসেছেন। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী এবারই প্রথম একটি সিরিয়াস ধাঁচের হিন্দি সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন। যা তাঁকে কিছুটা টেনশনে ফেলে দিয়েছে বৈকি! যদিও একজন নারী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটাকে অনেক বড় করে দেখছেন তিনি।

এশা গুপ্তা মনিপাল ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতায় অডিশন দেওয়ার আগে নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করতে স্কলারশিপ পেয়েছিলেন। ২০১০ সালে বিখ্যাত কিংফিশার ক্যালেন্ডারের জন্য মডেল হয়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন। ‘জান্নাত টু’ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে তাঁর খোলামেলা অভিনয় ঝড় তুলেছিল দর্শকমনে। এ সিনেমায় অভিনয়ের সুবাদে বছরের সেরা নতুন মুখের অভিনেত্রী হিসেবে মনোনয়ন লাভ করেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। ক্যারিয়ারে বেশিরভাগ সিনেমায় আবেদনময়ী অভিনেত্রী হিসেবে উপস্থিত হওয়ায় তাঁর ব্যাপারে সবার মনে একটি ধারণা বদ্ধমূল হয়েছে যে, এশা গুপ্তা গ্ল্যামারাস নায়িকা কিংবা প্রতিনায়িকা চরিত্রের জন্যই কেবল মানানসই। ‘আমি সব ধরনের সিনেমায় কাজ করতে চেয়েছি। রোমান্টিক, অ্যাকশন, থ্রিলার, হরর, কমেডি—সব ধরনের সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আছে আমার। ‘ওয়ান ডে :জাস্টিস ডেলিভারড’ সিনেমাটি আমার আগের অভিনীত সিনেমাগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এখানে আমি একজন অকুতোভয় পুলিশ অফিসার। এ ধরনের একটি চরিত্র রূপায়ণ করতে গিয়ে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। অনেক কষ্ট সহ্য করেছি। দর্শক এখানে নতুনভাবে আবিষ্কার করবেন আমাকে,’ এশা গুপ্তা বলেন। আগামীতে তাঁকে ‘দেশি ম্যাজিক’ ও ‘হেরাফেরি থ্রি’তে নায়িকারূপে দেখা যাবে বলে জানা গেছে।