বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে এইউএএবির সংবর্ধনা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৯

বর্তমান সরকারে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইল-৬ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। তার এ অর্জনকে উদযাপন করতে রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইউএএবি)। 

গত বুধবার রাতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর। আরও ছিলেন এইউএএবির প্রেসিডেন্ট সাঈদ হাসান, ভাইস প্রেসিডেন্ট আরিয়া ইসলাম আরি, জেনারেল সেক্রেটারি জারা জাবীন মাহবুব ও ট্রেজারার মুনাজ্জির শেহমাত করিমসহ প্রমুখ।

অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে ‘ম্যাগনা কাম লডে’সহ স্নাতক সম্পন্ন করেন আহসানুল ইসলাম টিটু। সেখান থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাষ্ট্রের পিটসবুর্গ স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। পেশাগত জীবনে মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি আর্থিকখাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে এবিএসি (অ্যাজাম্পশন ইউনিভার্সিটি) মানে বিশেষ কিছু। পুরো একাডেমিক সময়ে আমাদের সততা ও ন্যায়ের কথা শিখিয়েছে এবিএসি। সততা আমাদের কোথায় নিয়ে যেতে পারে আজ আমরা তা দেখতে পাচ্ছি। আমার শিক্ষাপ্রতিষ্ঠান, বন্ধুবান্ধব ও পরিবার থেকে পাওয়া শিক্ষার কারণেই আজ আমি এ জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছি।

এইউএএবি’র নির্বাহী কমিটির প্রেসিডেন্ট সাঈদ হাসান বলেন, স্কুল থেকেএবিএসি-তে স্নাতকসহ গত ৪৬ বছর ধরে আমি আমার বন্ধু টিটুকে চিনি। আজ আমরা তাকে নিয়ে গর্ববোধ করছি। আমরা আশাবাদী তিনি তার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমাদের দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন।

বাংলাদেশে থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বলেন,প্রতিমন্ত্রী টিটুকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। তিনি সকল চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করতে পারবেন বলে আত্মবিশ্বাসী আমরা। আমি থাইল্যান্ড-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমৃদ্ধ ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রী এই দুই দেশের সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী আমরা। আর এই সহযোগিতায় পাশে থাকবে রয়্যাল থাই অ্যাম্বাসি।

অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অব থাইল্যান্ডের গ্র্যাজুয়েট ও শিক্ষার্থীদের ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতার মধ্য দিয়ে যুক্ত করে অ্যাজাম্পশন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইউএএবি)। ব্যবসা-বাণিজ্য, হসপিটালিটি, পর্যটন ও স্বাস্থ্যসেবায় ক্যারিয়ার কাউন্সিলিং ও কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গতিশীল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এইউএএবি। এ অ্যাসোসিয়েশন শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, হসপিটালিটি, পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বারোপের মধ্য দিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে থাই দূতাবাসের সাথে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইত্তেফাক/জেডএইচডি