কক্সবাজারের টেকনাফ থেকে দু’টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে টেকনাফের সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের আচারবুনিয়ার একটি স’মিল মেছো বাঘের বাচ্চা দু’টি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আচারবুনিয়া মোস্তাক আহমদের মালিকানাধীন স’মিলের শ্রমিক ওয়াজ করিম শনিবার সকালে কাজ করতে গেলে গাছের পাশে একটি বড় মেছো বাঘ সহ দু’টি বাচ্চা বসে থাকতে দেখতে পায়। পরে বাঘের কাছে যাওয়ার চেষ্টা করলে মা, মেছো বাঘটি পালিয়ে গেলেও বাচ্চা দু’টি রয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেছো বাঘের বাচ্চা দু’টি উদ্ধার করে দুপুরের দিকে চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পাঠিয়ে দেওয়া হয়।
টেকনাফ সাবরাং স’মিলের মালিক মোস্তাক আহমদ বলেন, শ্রমিক ওয়াজ করিম স’মিলের পাশে গাছের নিচে একটি মা মেছো বাঘসহ দু’টি বাচ্চার অবস্থান দেখতে পায়। পরে মা মেছো বাঘটি পালিয়ে গেলেও বাচ্চা দু’টি যেতে পারেনি। পরে বাচ্চা দু’টি আমাদের হেফাজতে রেখে উপকূলীয় বনবিভাগকে খবর দিলে তারা এসে মেছো বাঘের বাচ্চা দু’টি উদ্ধার করে নিয়ে যায়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- মা মেছো বাঘসহ বাচ্চা দু’টি খাবার খেতে পার্শ্ববর্তী বন ও ঝাউবাগান থেকে আসতে পারে।
