জাপানে ৮ লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:১৫

বন্যা ও ভূমিধসের আশঙ্কা

বিবিসি

ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের আশঙ্কায় জাপানের কয়েকটি শহর থেকে প্রায় ৮ লাখ মানুষকে সরে যেতে বলেছে সরকার। কাইওশু দ্বীপের কাগোশিমা, কিরিশিমা, আয়রা শহরের বাসিন্দাদের  দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। কাগোশিমা শহরে ভূমিধসে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

পার্শ্ববর্তী মিয়াজাকি অঞ্চল থেকেও ৩ লাখ মানুষকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত কাইওশু দ্বীপে ১ হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দ্বীপটিতে আগামী সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। দ্বীপটির দক্ষিণভাগে বৃহস্পতিবার পর্যন্ত আরো ৩৫০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। গত বছরের জুলাই মাসে ভয়াবহ বন্যায় জাপানে ২০০ মানুষ মারা গেছে। ১৯৮২ সালের পর এত বেশি মানুষ জাপানে বন্যায় আর মারা যায়নি।