পাকুন্দিয়ায় নিখোঁজ ছাত্রের গলিত লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫০

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়া উপজেলায় সিংগুয়া নদী থেকে রাহাত (২০) নামের নিখোঁজ স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া এলাকার সিংগুয়া নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত রাহাত উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া মুন্সিবাড়ীর শামসুল ইসলামের ছেলে এবং মানুল্লারচর হাজিবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে মামার বাড়ি তারাকান্দি গ্রামে থেকে পড়ালেখা করত।

রাহাতের মামা তামিম বলেন, রাহাত চার দিন আগে উপজেলা পরিষদ জামে মসজিদে জোহরের নামাজ পড়তে বের হয়ে আর ফেরেনি। কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। মাঝে মধ্যে রাহাতের মানসিক সমস্যা দেখা দিত। এলাকায় তার কোনো শত্রু ছিল না।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের পর তারাকান্দি গ্রামের তামিম নামের এক ব্যক্তি থানায় এসে লাশটি তার ভাগ্নে রাহাতের বলে দাবি করেন। শুনেছি রাহাতের কিছুটা মানসিক সমস্যা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।