পিরোজপুর অফিস
পিরোজপুরে দুই সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদার (৪৯) পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। বুধবার বিকালে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন। একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয়ে হতাশ জাকির ২০১২ সালের ৯ অক্টোবর স্ত্রী লিপি বেগম (৩০), ছেলে সোহাগ (১৪) ও ইমরান (৮) এবং মেয়ে সুলতানাকে (৬) ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তাদের চিত্কারে তার বড় ভাই আবুল হোসেন হাওলাদার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে জাকির। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক সন্তান ইমরান ও সুলতানাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাকিরের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
