সৈয়দপুরে ছয় মাদকসেবী ও জুয়াড়ির কারাদণ্ড

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে মাদক সেবন ও জুয়াখেলার অপরাধে ছয় তরুণের পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার মঙ্গলবার রাতে এই দণ্ডাদেশ দেন। বুধবার সকালে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে শহরের ইসলামবাগ এলাকার সাগর চক্রবর্তী, রসুলপুর এলাকার মো. আশিক হোসেন, ইসলামবাগ চিনি মসজিদ এলাকার ফারাদ ফরিদ, দিনাজপুর রোডের রনক ঘোষ, গোলাহাটের মো. শাওন ও গোলাহাটের মাহমুদুল হাসান।

এদের মধ্যে মাদক সেবনের দায়ে সাগর চক্রবর্তীর ছয় মাস, আশিক হোসেনের এক মাস ও ফারাদ ফরিদের সাত দিন এবং জুয়াখেলার অপরাধে রনক ঘোষ, মো. শাওন ও মাহমুদুল হাসানের প্রত্যেকের সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা ভ্রাম্যমাণ আদালতে পৃথক মেয়াদে সাজার বিষয়টি নিশ্চিত করেন।