চট্টগ্রামে জোয়ারের পানিতে চাক্তাই খাতুনগঞ্জ প্লাবিতবিড়ম্বনায় ব্যবসায়ীরা

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২১:৫৩

চট্টগ্রাম অফিস

দেশের বৃহত্তম পাইকারী বাণিজ্য কেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ গতকাল বুধবার জোয়ারের পানিতে ব্যাপকভাবে প্লাবিত হয়। প্রতিবছর এই কারণে এখানে শতশত কোটি টাকার পণ্য বিনষ্ট ও ক্ষয়ক্ষতি হয়। গতকালও জোয়ারের পানিতে বিভিন্ন আড়ত ও দোকানপাটের পণ্য বিনষ্ট হওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল দুপুর থেকে এই দুর্ভোগে পড়েন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, চাক্তাইয়ের চালপট্টি, শুটকিপট্টি, মকবুল সওদাগর রোড ও আছদগঞ্জ, হামিদউল্লাহ বাজার ও আশপাশের নিম্নাঞ্চল হাঁটু পরিমাণ জোয়ারের পানিতে তলিয়ে যায় গতকাল। এই অবস্থা থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও প্রশাসনকে বারবার প্রতিকারের ব্যবস্থা নেয়ার অনুরোধ করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। একদিকে জোয়ারের ক্ষয়ক্ষতি আর অন্যদিকে প্রাচীণতম এই বাণিজ্য কেন্দ্রের উন্নয়নে উদ্যোগহীনতা এখানকার ব্যবসায়ীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। বহু ব্যবসায়ী ইতিমধ্যে চাক্তাই-খাতুনগঞ্জ থেকে তাদের ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে গেছেন বলেও তারা জানান।