পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত গায়ক ও পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা- রজার ওয়াটার্স। ইমরান খান ও তার সমর্থকদের ছবিসহ একটি ভিডিও পোস্ট করেন পিঙ্ক ফ্লয়েডের এই বেজিস্ট। সেখানেই জানান এ আহ্বান।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে রজার ওয়াটার্স বলেন, 'আমি একজন ইংরেজ সংগীতশিল্পী এবং আমি ন্যায় প্রতিষ্ঠার ধারণাকে সর্বান্তকরণে সমর্থন করি। আপনারা পাকিস্তানে যা করছেন, তা ক্রিকেট নয়।'
তিনি আরও বলেন, ‘অন্যায় কারাদণ্ড থেকে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে, যাতে তিনি নতুন করে অনুষ্ঠিত একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচনে নিজের দল পিটিআইয়ের নেতৃত্ব দিতে পারেন। যাতে পাকিস্তানের সর্বস্তরের জনগণের প্রতিনিধিত্বকারী একটি গণতান্ত্রিক সরকার গঠিত হতে পারে, যা কেবল দেশি-বিদেশি অলিগার্কদের স্বার্থ রক্ষা করবে না’।
গত সপ্তাহে পাকিস্তানে নির্বাচন ও ভোটগ্রহণ শেষ হয়েছে। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবচেয়ে বেশি আসন পেয়েছে ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।
রাজনৈতিক প্রেক্ষাপটে গোলযোগপূর্ণ এই বছরে ভোটের আগে, ভোটের দিন ও ভোট গণনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্নভাবে পিটিআইর বিরুদ্ধে দমন-পীড়নের বিষয়গুলো পাকিস্তান ও আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার উঠে এসেছে।
