ডা. তানজিয়া নাহার তিনা
স্বচ্ছ ও সুপেয় পানীয় হিসেবে ডাবের পানির জুড়ি নেই। গরমের কাঠফাটা রোদে তৃষ্ণা মিটিয়ে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে শরীরকে কর্মোদীপ্ত রাখতে সক্ষম এই ডাবের পানি। ক্যালরি, প্রাকৃতিক এনজাইম ও মিনারেলস সমৃদ্ধ হওয়ায় ডাবের পানির রয়েছে নানা গুণাগুণ।
ক্যালরি সমৃদ্ধ হওয়ায় ডাবের পানি শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। এটি প্রাকৃতিক এনজাইমসমৃদ্ধ। তাই হজমে সমস্যা দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। শরীরে পানির ভারসাম্য বজায় রেখে এটি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। ডাবের পানিতে রয়েছে প্রচুর পটাসিয়াম এবং সোডিয়াম। যা শরীরে ইলেক্ট্রোলাইটসের ব্যালেন্স নিশ্চিত করে। এছাড়া এটি আঁশসমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্যে ভালো উপকার পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো এসিডসমৃদ্ধ হওয়ায় এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া প্রস্রাবে ইনফেকশন দূর করে এবং কিডনিরোগ হ্রাস করতে সাহায্য করে।
তবে যারা ওজন আধিক্য সমস্যায় ভুগছেন তাদের উচ্চ ক্যালরিসমৃদ্ধ ডাবের পানি এড়িয়ে যাওয়াই উত্তম। এছাড়া ডাবের পানি উচ্চ পটাসিয়াস ও সোডিয়াম সমৃদ্ধ হওয়ায় হূদরোগ ও উচ্চরক্তচাপের সম্ভাবনা বাড়িয়ে দেয়। ডাবের পানি রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীদের পরিমিত মাত্রায় ডাবের পানি গ্রহণ করতে বলা হয়।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
