সম্পত্তির বিরোধে বড় ভাইকে খুন, তাবলীগ জামাত থেকে গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪০

নরসিংদীর মনোহরদীতে সম্পত্তির বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) তিন মাস পর তাবলীগ জামাত থেকে অভিযুক্ত আসামি আওলাাদ হেসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দের গাও গ্রামের মৃত হেলাল উদ্দিনের দুই ছেলে আহসান উল্লা মোল্লা ও আওলাদ হোসেন মোল্লার মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ৯ নভেম্বর তাদের মধ্যে জমি নিয়ে ঝগড়া হলে ছোট ভাই আওলাদ হেসেন মোল্লা বল্লম দিয়ে বড় ভাই আহসান উল্লা মোল্লাকে আঘাত করে এতে বড় ভাই আহসান উল্লা মোল্লা গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ নভেম্বর তিনি মারা যান। পরে মৃতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে খুনি আওলাদ হোসেন মোল্লা ও তার স্ত্রী উম্মে সালমাকে আসামি করে গত ১১ নভেম্বর মামলা দায়ের করেন। 
  
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন আর রশিদ জানান, আসামি তার বড় ভাইকে খুন করে পালিয়ে যায়। মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে দীর্ঘদিন অনুসন্ধানের পর নরাইল জেলার সদর থানার সীমাখালি এলাকায় তাবলীগ জামাতে থাকা অবস্থায় গত ১২ ফেব্রুয়ারি আওলাদ হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেন।
 
মনোহদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান, পলাতক আসামি আওলাদ হোসেনকে দীর্ঘদিন চেষ্টার করে গ্রেপ্তার করার পর মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য নরসিংদী জেলা আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও