মোবাইল ফোন চুরির অভিযোগে...

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৪০

সাভারে মোবাইল চুরির অপবাদ দিয়ে সবুজ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে পৌর এলাকার কাতলাপুর মহল্লার ইসকন মন্দিরে এ ঘটনা ঘটেছে। নিহত সবুজ নীলফামারী জেলার সৈয়দপুর থানার আইসক্যান গ্রামের নিখিলের ছেলে। তিনি সাভারের উলাইল ভান্ডারী মোড় এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়, সবুজ রাতে মন্দিরের ভেতরে ঢুকে নাকি মোবাইল চুরি করেছিলেন। এ ঘটনায় তাকে আটকে রেখে মন্দিরের লোকজন পিটুনি দিলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সকালে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. আব্বাস বলেন, ‘সকাল ৮টার দিকে আমি বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিলাম। এ সময় ইসকন মন্দিরের কিছু লোক এক যুবককে অচেতন অবস্থায় মন্দিরের পূর্ব পাশের একটি ময়লার ডোবায় ফেলে দেয়। পরে অন্যদের সহায়তায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।’ 

এ ব্যাপারে কাতলাপুর কানাইলাল জিউ বিগ্রহ মন্দিরের (ইসকন মন্দির) সাধারণ সম্পাদক নিতাই দয়াল বলেন, ‘সকালে সবুজ নামের ঐ যুবক আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করে ভক্তদের কক্ষে থাকা ছয়টি মোবাইল চুরি করে। এ সময় ভক্তবৃন্দ ও মন্দিরের লোকজন তাকে ধরে মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে। আমি তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে জানতে পারি সে মারা গেছে।’

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডা. আমজাদুল হক বলেন, ‘সবুজ নামে এক যুবককে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় আমরা পরীক্ষা করে দেখি সে মারা গেছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মন্দিরে ঢুকে মোবাইল চুরি করায় তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।