দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স —জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৪১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের সকল পর্যায়ে ?দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। গতকাল বুধবার সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরির সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করা। সে অঙ্গীকার পূরণে দেশের সকল পর্যায়ে দুর্নীতি দূরীকরণে সরকার বদ্ধ পরিকর।

প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির পাশাপাশি জঙ্গিবাদ ও মাদকদ্রব্যও দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই দুর্নীতির পাশাপাশি, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধেও সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে  বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলম বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, এ বছর দপ্তর/সংস্থা প্রধানদের মধ্য হতে শেখ মুজিবুর রহমান, এনডিসি সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ, গ্রেড-১ হতে গ্রেড-১০ ভুক্ত ক্যাটাগরিতে ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মো. তমিজুল ইসলাম খান এবং গ্রেড-১১ হতে গ্রেড-২০ ভুক্ত ক্যাটাগরিতে প্রতিমন্ত্রীর দপ্তরের অফিস সহায়ক মো. জাকির হোসেন ভুঁইয়া শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।