খুলনায় পুলিশে নিয়োগ দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ২২:৪৩

খুলনায় পুলিশে নিয়োগ দেওয়ার কথা বলে এক শ্রেণির দালালচক্র বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইউপি সদস্য আরিফুজ্জামান অরুণসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অরুণ তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোমবার রাতে পুলিশ তার কাছ থেকে নগদ টাকাসহ চেক, ফাঁকা স্ট্যাম্প ও চুক্তিপত্র উদ্ধার করেছে। অরুণ উপজেলার পানতিতা গ্রামের।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেকুজ্জামান বলেন, অরুণ দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। জনৈক নুরুল ইসলামের কাছ থেকেও টাকা নেয়। নুরুল ইসলাম প্রথমে এক লাখ টাকা দেন। পরে আরো আড়াই লাখ টাকা দাবি করেন অরুণ। কিন্তু নুরুল ইসলামের চাকরি না হলে তাকে টাকা ফেরত দিতে অস্বীকার করেন তিনি। টাকা আদায়ের জন্য নুরুল ইসলাম তেরখাদা থানায় মামলা করেন। মঙ্গলবার অরুনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, নগরীর দৌলতপুর নতুন রাস্তার মোড়স্থ পাবলা কবির বটতলা থেকে পুলিশ পরিচয়ে প্রতারণা মামলায় মো. কবির হাওলাদারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার মহানগর হাকিম মো. শাহীদুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। কবির হাওলাদার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার সোনাতলা গ্রামের।