এমআরআই সরবারহে দেরি, হাসপাতালের টাকা ফেরত দিলো ব্যাংক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৮

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) যন্ত্র নির্দিষ্ট সময়ে সরবরাহ না করায় এ বাবদ জামানত ১৪ কোটি ২ লক্ষ টাকা হাইকোর্টের নির্দেশে ফেরত দিয়েছে প্রিমিয়ার ব্যাংক।

জানা গেছে, বারবার তাগাদা দিলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা না দেওয়ায় প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক বিষয়টি অবগত করে হাইকোর্টে রিট পিটিশন করেন। বিচারক কেএম কামরুল কাদের ও খিজির হায়াতের বেঞ্চ অর্থ ফেরতের আদেশ দিয়ে তা দ্রুত কার্যকর করতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।     

বিষয়টি নিশ্চিত করে প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরআই যন্ত্র নির্দিষ্ট সময়ে সরবরাহ না কারায় বিধি অনুযায়ী এমআরআই মেশিন ক্রয় বাবদ ঠিকাদার কর্তৃক ব্যাংকে রাখা নিরাপত্তা জামানতের টাকা ছাড়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে বারবার তাগাদাপত্র দেওয়া হয়। ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকেও অবহিত করে চিঠি দিয়েও কোনো সমাধান না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট বিষয়টি দেখে টাকা ফেরতের নির্দেশনা দেওয়ায় ব্যাংক টাকা ফেরত দিয়েছে এবং শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল অ্যাকাউন্টে তা জমা হয়েছে। 
 
হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, ব্যাংক কর্তৃপক্ষ নিয়ম মাফিক টাকা ছাড় না করার কারণে যথাসময়ে এমআরআই মেশিন ক্রয় করা সম্ভব হয়নি। এ কারণে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি সরকারের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। এখন টাকা ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি। 

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, সাত মসজিদ রোড ঢাকা শাখার ব্যবস্থাপক বিএম তোহিদুজ্জামান বলেন, ঘটনাটি এই শাখায় আমি যোগদানের আগের। হাসপাতালে এমআরআই মেশিন না থাকায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। আদালতের নির্দেশনা পাশাপাশি মানবিক দিক বিবেচনায় আমরা টাকা ছাড় করে দিয়েছি।

ইত্তেফাক/এসএআর/পিও