ঘোরলাগা পঙক্তির উৎসব: তোমার শূন্যতা আমার নামে থাক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

কবিতা সে তো সুন্দরের প্রতীক, শিল্পের সুষমা। শিশুর মুখের আধো আধো বোল, কৈশোরের দুরন্তপনা, যৌবনের উচ্ছ্বাস, বৃদ্ধের আশ্রম, ফুল-পাখি-নদী-পাহাড় থেকে শুরু করে এ বিশ্বব্রহ্মান্ডের কোথায় ধরা দেয় না কবিতা। কবিতা সর্বত্রগামী, সর্বজনগামী। মনের ভাব প্রকাশের শিল্পিত রূপ মানেই কবিতা। সেই কবিতায় যখন উঠে আসে ‘টুকরো সময় থমকে রাখার যখন নিত্য সাধ/তখন তোমার পাশের শূন্যতা আমার নামেই থাক।’ তখন আমাদের আর বুঝতে বাকি থাকে না যে, প্রিয়জনের প্রতি কবির যে আকুল-ব্যাকুল করা অভিমান সেই অভিমান ঝরে ঝরে পড়ে কবিতার পঙক্তিতে। 

এমন সব ঘোরলাগা পঙক্তির মালা গেঁথে কবিতার বারন্দায় পাঠককে দাঁড় করিয়ে দেয়ার জন্য যে কবির কবিতা ‘তোমার শূন্যতা আমার নামে থাক’ গ্রন্থে মলাটবন্দী হয়েছে সেই কবির নাম সারমিন সীমা। 

সারমিন সীমার কবিতা মানেই আবেগ আর শিল্পের মিশেলে ঘোরলাগা ভালোবাসার ভালোলাগার কবিতা। প্রেম-ভালোবাসার কবিতায় সারমিন সীমার উচ্চারণ সব সময় প্রগাঢ়। তা তার কবিতা পাঠেই পাঠক খুব সহজেই উপলব্ধি করতে পারেন- ‘আমার যে হারানোর ভয় বেশি/যক্ষের মতো গোপন করেছি এতকাল/কী করে পারো তা সত্তার পাত্রে ঢালতে?’ এই যে দীপ্ত প্রশ্নবাণে নিজের প্রেমকে, বিশ্বাসকে ভিন্ন এক মাত্রায় উপস্থাপনের যে কারিশমা, তা ফুটে ওঠে সারমিন সীমার কবিতায়। তার কবিতা পড়তে পড়তে পাঠক কখন যে কবিতার গল্পের ভেতর ঢুকে পড়েন তা বুঝে ওঠার আগেই মলাটবদ্ধ কবিতার পাঠ শেষ হয়ে আসে। পাঠক মোহfচ্ছন্ন থাকেন প্রতি পঙক্তিতে। 

একজন কবির কবিতা এভাবে পাঠককে টেনে নিয়ে যায় গ্রন্থের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শুরু থেকে শেষে। তারপর মনে হতে থাকে, কবিতায় বলা যতো কথা, যত গল্প; এ যেন সারমিন সীমার একার নয়; সব পাঠকের, সব মানুষের। সারমিন সীমার কবিতার শক্তিই এমন। 

জীবন বাধা পড়–ক কবিতায় বৃষ্টিকে উদ্দেশ্য করে কবি যখন বলে ওঠেন- ‘এবার আমার বাদলের ধারায়/বসাও খাতে খাতে নামতা’, তখন বৃষ্টি হয়ে যায় রূপকের আশ্রয়। সারমিন সীমার বৃষ্টিকে পাঠক খুব সহজেই মিলিয়ে নেন জীবনের সঙ্গে। সেই জীবনের হিসেব-নিকেষ পাওনা আদায়ের হালখাতা হয়ে খাতে খাতে নামতার মতো বসাতে থাকেন পাঠকও। এই হিসেব কখনও মিলে যায় কখনও যায় না। তাই কবি আবারও পঙক্তি সাজান। সেই পঙক্তিতে জ্বল জ্বল জ্বলে ওঠে- ‘প্রিয় কাঠগোলাপের হলদে রঙের/সুখ কে দেবে আমায়?’ কী আকুল-ব্যাকুল জিজ্ঞাসা! কত সম্মোহন এই প্রশ্নের পিঠে ভর করে হাঁটু গেড়ে অপেক্ষমান তা কবিতার পাঠকমাত্রই অনুমান করতে পারেন। 

এমন সব ঘোরলাগা কবিতা নিয়ে অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশ হয়েছে কবি সারমিন সীমার নতুন কাব্যগ্রন্থ ‘তোমার শূন্যতা আমার নামে থাক।’ 

গ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘আজকাল’। প্রচ্ছদ করেছেন মোঃ সানিউল আলম। ভূমিকা লিখেছেন কবি সৌমিত বসু।

ইত্তেফাক/এএইচপি