দুদিনব্যাপী নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করলো দেশের প্রথম ডিজাইন বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের প্রথম পর্বে প্রিয় ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক শিক্ষার্থীদের বাহারি একুশের আলপনা চিত্রায়ন, শান্ত-মারিয়াম একাডেমীর শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রদীপ প্রজ্বলন এবং ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে একযোগে শুভেচ্ছা জানায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. , শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি, সিআরআই, শান্ত-মারিয়াম ইন্সটিউিট অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজিসহ শান্ত নিবাস এবং এলাকাবাসী। শ্রদ্ধা নিবেদনের পূর্বে প্রজ্বলিত হয় অসংখ্য মোমবাতি। ঘড়ির কাটা যখন ১২টা ছুঁইছুঁই তখন সমবেত কণ্ঠে শুরু হয় আবেগঘণ একুশের সেই কালজয়ী সঙ্গীত; আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ... । কণ্ঠে গান আর অঞ্জলি ভরা ফুল দিয়ে শুরু হয় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। অতঃপর রাত পেরিয়ে ভোরের আলো ফোটার সাথেসাথেই অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা।
এরপর সমাপনী পর্বের অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভাষা আন্দোলন তথা স্বাধীনতাযুদ্ধের সূত্রপাত প্রসঙ্গ ও ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে ওঠার বৃত্তান্তসহ তাৎপর্যপূর্ণ বিভিন্ন আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানের মাঝে শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একুশের গান, নৃত্য ও আবৃত্তিসহ হরেক রকম আয়োজন। সর্বশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনসহ দুইদিনব্যাপী একুশের এ অনুষ্ঠান।
বিভিন্ন পর্বে পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি’র পরিচালক শিল্পী আফরোজা বেগম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, ডিরেক্টর-ফাইনান্স মোহাম্মদ মনিরুল ইসলাম, হেড অব মার্কেটিং সাদাত ইবনে মাহমুদ’সহ ডিন ও বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
