জমি লিখে না দেওয়ায় হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে ন্যাড়া করলেন স্বামী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৭

স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে ন্যাড়া করার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই গৃহবধূর নাম পপি খাতুন (৪৯)। তিনি ওই এলাকার মসে সরকারের স্ত্রী।

ভুক্তভোগী পপি খাতুন জানান, কিছুদিন আগে বাবার বাড়ি থেকে জমি পেয়েছি। সেই জমি লিখে দিতে প্রায়শই তার স্বামী চাপ দিতেন। ঘটনার দিন একই কথা বলে তার স্বামী ঘরে এসে ওড়না দিয়ে দুই হাত পেঁচিয়ে বেঁধে নির্যাতন করে। পরে হাতুড়ি দিয়ে তার হাতের ওপর আঘাত করতে থাকে।

চিৎকার করতে লাগলে ব্লেড দিয়ে তার মুখ কেটে দেওয়ার হুমকি দেয় এবং একপর্যায়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। স্থানীয়রা তার স্বজনদের খবর দিলে তাকে এসে উদ্ধার করে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, আহত পপি খাতুনের শরীরে বিভিন্ন অংশে ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তবে হাত ভেঙে গেছে কিনা তা এক্সরে করলে জানা যাবে।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ইত্তেফাক/এবি