রাজধানীর আটিবাজার তারানগরের ঘাটারচর এলাকায় রাজউক উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি ভবনে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এছাড়া কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক জোন-৭ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনির হোসেন হাওলাদার।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ হাউজিং এবং রাজউক নকশা বিহীন ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নকশা বিহীন নির্মাণাধীন সব ভবনে ইতিমধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেয়া হয়েছে। কয়েকটি নকশা বিহীন ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়। কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙে ফেলাসহ তিনটি ভবনে জরিমানা করা হয়। দুইটি ভবনে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নেয়া হয় মুচলেকা।
এছাড়াও তিনি আরো বলেন, মিলিনিয়াম সিটি এবং শতরূপা হাউজিং খালের জায়গা দখল করে হাউজিং তৈরি করেছেন। এই দুইটি হাউজিং এর অফিস ভবন ভেঙে অপসারণ করা হয় এবং অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, উপ-নগর পরিকল্পনাবিদ নবায়ন খিসা, সহকারী অথরাইজ অফিসার মোঃ মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা।
