রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩২

১০ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উদ্দেশ্যে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করবেন। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য দুই দিন ব্যাপী ২৮তম এশিয়ান ট্রেড, ফুড ফেয়ার এন্ড কালচারাল শো ২০২৪ এর উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

৫ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় তিনি ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। সেখানে তিনি বিল্ডিং এন্ড ক্লাইমেট গ্লোবাল ফোরাম আয়োজিত দুইদিনব্যাপী সেমিনারে অংশগ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে মরক্কো ও তুরস্কের ইস্তাম্বুলে তাঁর যাত্রা বিরতির কথা রয়েছে। আগামী ১০ মার্চ তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এএইচপি